বেগম জিয়া কেন কালোটাকা সাদা করেছিলেন : তথ্যমন্ত্রী

‘বেগম জিয়া কেন কালোটাকা সাদা করেছিলেন’ এ প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আসন্ন বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ থাকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী তাদের উদ্দেশে এ পাল্টা প্রশ্ন করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমার সবিনয়ে প্রশ্ন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া যে নিজে কালোটাকা সাদা করেছিলেন, তার কি কোনো জবাব আছে। আর প্রয়াত সাইফুর রহমান যিনি আবদুস সাত্তার, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সবার আমলেই অর্থমন্ত্রী ছিলেন, তিনিও কালোটাকা সাদা করেছিলেন, তারই বা কি জবাব আছে। আগে নিজেদের কালোটাকা সাদা করার জবাব দিন, তারপর সরকারের সমালোচনা করুন নয়তো সমালোচনার নৈতিক অধিকারই থাকে না।’

অর্থনীতির স্বার্থে ইউরোপ, আমেরিকা, ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বহু দেশেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার এ সুযোগ রাখা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি যে এটিকে সব সময়ের জন্য পুরোপুরি সমর্থন করি তা নয়, কিন্তু আমাদের দ্রুত বর্ধনশীল, উন্নয়নশীল অর্থনীতির দেশে এ সুযোগ রাখা হয়েছে অর্থনীতির স্বার্থেই। বিএনপির বরং উচিত ছিল এই করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের জিডিপি বেড়েছে এবং মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে, তার প্রশংসা করা। রাত ১২টার পর যারা টেলিভিশনের পর্দা ফাটান, সরকারকে নানা পরামর্শ দেন, তাদেরকেও এ বিষয়ে অভিনন্দন দিতে দেখলাম না। দেশ ও মানুষের উন্নতি কি তাদের পছন্দ নয়।’

আওয়ামী লীগ দুর্যোগ দুর্বিপাকসহ সব সময় জনগণের পাশে আছে, থাকবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন ‘অন্যদিকে করোনার প্রথম দফায় বিএনপি মাঝেমধ্যে মানুষের পাশে দাঁড়ানোর ভান করে যে লোক দেখানো ফটোসেশন করত, এখন তাও করে না, তারা শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ উপকমিটির সদস্য ও সংবাদপত্র পরিষদের সভাপতি মো. শাহজালাল, বিএফইউজের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আবদুল মজিদ প্রমুখ। অতিথিরা ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মেহেরপুর, সাতক্ষীরা জেলা ও মোরেলগঞ্জ এলাকার প্রতিনিধিদের হাতে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন।