শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় আবদুর রহমান আকন (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ট্রলারের চার যাত্রী নিখোঁজ রয়েছেন।
গত বৃহস্পতিবার বিকেলে জাজিরা পৈলান মোল্যারকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে বাবুরচর এলাকা থেকে আবদুর রহমানের মরদেহ উদ্ধার করেন নৌ পুলিশের সদস্যরা। তিনি একজন মুক্তিযোদ্ধা, গ্রামের বাড়ি জাজিরার ফকির মাহমুদ আকন কান্দিগ্রামে।
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুজ্জামান ভূঁইয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে দু’দিন ধরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। কিন্তু প্রশাসনের চোখ এড়িয়ে বৃহস্পতিবার বিকেলে চর থেকে মাছ শিকারের ট্রলারে ১৬ যাত্রী পদ্মা পাড়ি দিচ্ছিলেন। ট্রলারটি পালেরচর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে জাজিরার পৈলান মোল্যারকান্দিতে প্রবল স্রোতের তোড়ে ডুবে যায়।
স্থানীয় বিভিন্ন নৌযান তাৎক্ষণিকভাবে ১১ জনকে জীবিত উদ্ধার করে। পরে সন্ধ্যার দিকে আবদুর রহমানের মরদেহ পাওয়া যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ চারজনের পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
গত ৪ মে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়। এ ঘটনার পর এটিসহ মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে স্পিডবোট ও ট্রলারে যাত্রী পারাপার বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।