নেত্রকোনার সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় কসমেটিক জব্দ

নেত্রকোনা কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে ১৮ লাখ ৯১ হাজার ৫৯৫ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যে মধ্যে রয়েছে নবরত্ন তেল, কোলগেট টুথপেস্ট, স্ক্রিন সাইন ক্রিম ও স্ক্রিন ব্রাইট ক্রিম।

শনিবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে জেলার কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সুবেদার মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্বপালন করছিল। এ সময় গোপন তথ্যে সীমান্ত পিলার নং ১১৭০/৬-এস হতে আনুমানিক একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ করা হয়। এসব পণ্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে।

তবে ভারতীয় পণ্য জব্দের সময় কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিনি।