শাহজাদপুরে বজ্রপাতে ২ কৃষক নিহত ও ১ নারী আহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে বজ্রপাতে ২ কৃষকের নিহত ও এক নারী আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রা না(৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৫)। আহত নারী হলেন, আলম হোসেনের স্ত্রী ফুর্তি খাতুন (২৬)।

ইউনিয়নের ব্রজবালা লেদুরপাড়া গ্রামে রবিবার বিকেল ৩টার দিকে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসিবুল হক হাসান ও ৬নং ওয়ার্ড সদস্য আব্দুস সাত্তার জানান, এ দিন বিকেলে দুই কৃষক বাড়ির অদূরে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। তারা তখন পাশের একটি শ্যালো মেশিনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। সেখানে আগে থেকেই এক নারী ঝড়-বৃষ্টির কারণে অবস্থান করছিলেন।

তারা জানান, এ সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ওই ৩ জন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হেসেনের মৃত্যু হয়। আহত ফুর্তি খাতুনকে চিকিৎসা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি জিডি রেকর্ড করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।