এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট এবং মুদারাবা সাব অর্ডিনেটেড বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এসইসি জানিয়েছে, এক্সিম ব্যাংকের সাব অর্ডিনেটেড বন্ডটির কুপন হার ইসলামী ব্যাংকসমূহের স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ৬ মাসের গড়ের সঙ্গে অতিরিক্ত মার্জিন ২ শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। এই বন্ড আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট এবং স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর অনুকূলে প্রাইভেট প্রেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট/লটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।