৬০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বেজা

করোনাভাইরাস মহামারীর মধ্যেও গত বছর শিল্পায়নের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ৬০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। গতকাল রবিবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পবন চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনে সোনারগাঁও হোটেলে বেজা ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) মধ্যে উন্নয়ন চুক্তি হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম চুক্তিতে সই করেন।

বেজা চেয়ারম্যান বলেন, করোনাকালেও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। গত বছরই বেজা ৬০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। এসব প্রস্তাবের মধ্যে বেশ কয়েকটি কারখানা শিগগিরই অর্থনৈতিক অঞ্চলগুলোয় উৎপাদন শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ১৫ বছরের মধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে বেজার। সরকার বলছে, এটা সম্ভব হলে ২০৩০ সালের মধ্যে এ খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ৬ হাজার কোটি ডলার বাড়বে।

চট্টগ্রামের মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলে প্রায় ৪০০ শিল্পকারখানা স্থাপন এবং ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ঠিক করা হয়েছে। গতকালের চুক্তি নিয়ে পবন চৌধুরী বলেন, এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়ন ও শিল্পোন্নত বাংলাদেশ নির্মাণে বেজা ও বেপজা আরও একধাপ এগিয়ে গেল। বেপজার নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ইপিজেডগুলোর মতো অর্থনৈতিক অঞ্চল পরিচালনাতেও বেপজা সাফল্যের পরিচয় দেবে।