মাঝপদ্মায় যাত্রীবেশে ট্রলার ছিনতাইয়ের চেষ্টাকালে পিটুনিতে আহত ফয়সাল (৩৫) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১১টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে শনিবার দুপুরে শরীয়তপুরের পালেরচর গ্রামসংলগ্ন পদ্মায় ট্রলার ছিনতাইকালে চালকের চিৎকারে নদীতে থাকা জেলেরা ছিনতাইকারীদের ধরে ফেলে। পরে সন্ধ্যার দিকে তিন ছিনতাইকারীকে লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে নিয়ে এলে বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় ফয়সাল (৩৫), জসিম (২৬) ও আবদুল জলিলকে (৪২) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে চিকিৎসাধীন অবস্থায় আহত ফয়সাল মারা যায় বলে নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর।
তিনি জানান, ছিনতাইকারীদের গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।