অন্যত্র বিয়ে করায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম সাবেক প্রেমিকের

অন্যত্র বিয়ে করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সাবেক প্রেমিকের বিরুদ্ধে।

রবিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রেমিকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।

ওই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে পরিচয় হয় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিমের। তিনি পেশায় ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। পরিচয় থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই ছাত্রীর। তবে ইব্রাহিম আগে থেকে বিবাহিত থাকার বিষয়টি গোপন রেখেছিলেন।

অপরদিকে, ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর জানতে পারে ওই ছাত্রীর পরিবার। একপর্যায়ে তারা ওই ছাত্রীকে পারিবারিকভাবে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেন। এরপর লেখাপড়া বন্ধ হয়ে যায় ওই ছাত্রীর। বর্তমানে তাদের সংসারে এক ছেলে সন্তান রয়েছে। 

তিন বছর পর আবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন ওই ছাত্রী। এরই মধ্যে ইব্রাহিমের সঙ্গে দেখা হয়ে যায় তার।

এদিকে, আবারও ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন মোটরসাইকেল চালক ইব্রাহিম। এতে রাজি না হওয়ায় ইতিপূর্বে কয়েক দফায় তাকে এবং তার স্বামীর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন ইব্রাহিম। 

সর্বশেষ রবিবার সকালে পরিবার নিয়ে বাকেরগঞ্জ যান ওই ছাত্রী। সেখান থেকে ফেরার পথে ইব্রাহিম ৩/৪ জন নিয়ে কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় পথরোধ করে তার। একপর্যায়ে ওই ছাত্রীকে তার বাড়িতে তুলে নিতে চান ইব্রাহিম। এতে ব্যর্থ হয়ে ছুরি দিয়ে তার মুখমণ্ডল কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার জানা নেই। তা ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।