চাল কম দেওয়ার প্রতিবাদ করায় জেলেকে পিটুনি

কক্সবাজারের চকরিয়ায় জেলেদের মাঝে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করায় নিপু দাশ (২২) নামে এক জেলেকে পিটিয়ে জখম করেছে পৌরসভার এক কর্মচারী। মঙ্গলবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত নিপু দাশকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিপু দাশ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড তরছঘাটা জলদাশ পাড়ার নৈদার চাঁদের ছেলে।

জানা গেছে, মাছ ধরা বন্ধের সময় জেলেদের সহায়তা হিসেবে প্রথম দফায় প্রতি পরিবারকে ৫৬ কেজি চাল দেওয়া হচ্ছে। মঙ্গলবার সকালে ওই চাল নিতে পৌরসভা কার্যালয়ে হাজির হন পৌরসভার জেলেরা।

জেলেরা জানান, পৌরসভার কর্মচারী মাহবুব আলম প্রত্যেক জেলেকে ৫৬ কেজির পরিবর্তে ৪০ কেজি চাল দেওয়ায় প্রতিবাদ করেন নিপু দাশ। এ সময় মাহবুব আলম বিদ্যুতের তার দিয়ে নিপু দাশকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আশরফ আলী বলেন, সরকারিভাবে ৬৫ দিন মাছ ধরা বন্ধের সময়ে প্রথম দফায় জেলেদের সহয়তা হিসেবে ৫৬ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্ত পৌরসভার কর্মচারী ৪০ কেজি করে প্রদান করায় প্রতিবাদ করেন নিপু দাশ। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে ওই কর্মচারী। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।

সারা দেশে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে জেলেদের সহায়তা হিসেবে দু’দফায় ৮৬ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। প্রথম দফায় ৫৬ কেজি ও দ্বিতীয় দফায় ৩০ কেজি চাল প্রদান করা হবে।

পৌরসভার সচিব মাসুদ মোর্শেদ বলেন, ইঞ্জিনিয়ারের সামনে চাল বিতরণ হয়েছে। কাউকে কম দেওয়া হয়নি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়রের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এহেন অভিযোগ তোলা হচ্ছে ।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।