শিগগিরই বাজারে আসছে শাওমির হাইপার চার্জ প্রযুক্তি। দ্রুত চার্জিং প্রযুক্তিকে যারা প্রায় অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে গিয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের অন্যতম। দ্রুততম ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির পাশাপাশি শাওমি ১২০ ওয়াটের তারযুক্ত দ্রুত চার্জিং প্রযুক্তির পণ্য তৈরি করে আগেই প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।
শাওমি সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছে নতুন হাইপারচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি এনে প্রতিষ্ঠানটি নতুন রেকর্ড তৈরি করবে। সেই পোস্টের সত্যতা নিশ্চিত করে চীনের প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গিজমোচায়না একটি প্রতিবেদনে বলেছে, ‘আমরা এখনো নিশ্চিত নই যে, নতুন প্রযুক্তিটি তারযুক্ত না তারহীন। তবে এটি তারযুক্ত হবে বলেই আমাদের বিশ্বাস।’
এই বছরের শুরুতেই গুঞ্জন শোনা যাচ্ছিল শাওমি নতুন একটি ফোন নিয়ে কাজ করছে যেটিতে ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকবে এবং ফোনটি এ বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে। অবশ্য একই সূত্র পরে ব্যাখ্যা করেছে, ২০০ ওয়াট চার্জিং মানে হচ্ছে ফোনটিতে যত রকমভাবে চার্জ দেওয়া সম্ভব সেগুলোর যোগফল হবে ২০০ ওয়াট। এর মানে দাঁড়ায় তারযুক্ত, তারহীন ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের যোগফল।
এখন পর্যন্ত শাওমির সবচেয়ে প্রিমিয়াম ফোন হলো এমআই ১১ আলট্রা। এতে আছে ৬৭ ওয়াট তারযুক্ত চার্জিং, ৬৭ ওয়াট তারহীন চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স তারহীন চার্জিং সবমিলিয়ে যার যোগফল দাঁড়ায় ১৪৪ ওয়াট। সেই হিসাবে সম্ভবত শাওমি নতুন যে ফোন আনবে তার চার্জিংয়ের উপায়গুলোর যোগফল দাঁড়াবে ২০০ ওয়াট বা এর কাছাকাছি।
এমআই ১১ আলট্রা ফোনটির ৬৭ ওয়াট চার্জিং এখনো বাজারে দ্রুততম ওয়্যারলেস চার্জিংয়ের রেকর্ডধারী। গত বছর অবশ্য প্রতিষ্ঠানটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দেখিয়েছে, কিন্তু ওই ক্ষমতা সমর্থন করে এমন কোনো ফোন এখনো বাজারে আনতে পারেনি। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই ৮০ ওয়াট ক্ষমতার চার্জার বাজারে এনেছে।