সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্রের দিকে তাকাতে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশে সংবাদপত্র জগতের পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ’ আয়োজিত ‘মহান স্বাধীনতা সংগ্রামে তফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সমসাময়িক প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে। দুঃখের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তাদের রাজনীতিটা শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ বিএনপিকে অনুরোধ জানাব, বহু শিক্ষিত লোক তাদের দলে আছে, তারা যেন সমালোচনা করার আগে ব্লুমবার্গের আজকের আর্টিকেলটিসহ বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের উন্নয়নচিত্র দেখে নেয়।’
জাতির মনন তৈরিতে গণমাধ্যমের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণনা করে তিনি আরও বলেন, ‘গণমাধ্যম সমাজকে যেমন সঠিক খাতে প্রবাহিত করতে পারে, তেমনি চেষ্টা করলে ভিন্ন খাতেও প্রবাহিত করতে পারে। বহু সংগ্রামের পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ রচনার পথে সংবাদপত্র জগতের পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়াসহ নিবেদিতপ্রাণ বহু মানুষের অবদান চির উজ্জ্বল। তফাজ্জল হোসেন মানিক মিয়া ব্যক্তি বা ব্যবসায়িক স্বার্থরক্ষার জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করেননি, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
আয়োজক সংগঠনের সভাপতি এসএম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধুনালুপ্ত সাপ্তাহিক রোববারের সাবেক সম্পাদক ও মানিক মিয়া ফাউন্ডেশনের মহাসচিব সৈয়দ তশাররফ আলী, রাজনীতিক মো. নাসিরুল হক, সাংবাদিক গিয়াস উদ্দিন কুসুম প্রমুখ।