গাজীপুর মহানগরীর টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি রোকন শিকদার (৩২) নিহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকন শিকদার ওই এলাকার তোতা মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন ও ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। রোকন শিকদার অস্ত্রধারী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ প্রায় ৩০টি মামলা রয়েছে।
র্যাব-১-এর অপারেশনস অফিসার এএসপি মুশফিকুর রহমান তুষার জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে টঙ্গী বাজার হাজী মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পেয়ে র্যাব-১-এর একটি দল অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে রোকন শিকদার নিহত হয়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টঙ্গীর শীর্ষ মাদক কারবারি রোকন শিকদার নিহত হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।