করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আটকে থাকা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভাসহ চার সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩৭১ ইউপি, ১১ পৌরসভাসহ লক্ষ্মীপুর-২ আসনে ভোট হবে ২১ জুন। এছাড়া সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে ভোট হবে ১৪ জুলাই। চার আসনেই ভোট হবে ইভিএমে।
গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এসব নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়। পরে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এর আগে ১১ এপ্রিল এসব নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। করোনা সংক্রমণ বাড়ায় গত ১ এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন। গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছিল।
ইতিমধ্যে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ তুলে চারটি সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
ইসি সচিব বলেন, ‘সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।’ আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ দিন ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ ২৪ জুন। প্রচার শেষে ভোট হবে ১৪ জুলাই।
দুই মাস আটকে থাকার পর গতকাল নির্বাচন কমিশন এসব নির্বাচনে ভোটগ্রহণের জন্য নতুন তারিখ দিল। এসব নির্বাচনে নতুন কোনো প্রার্থী যোগ হতে পারবেন না; আগের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। বিজ্ঞপ্তি জারির পর প্রচারণার সুযোগ পাবেন তারা।
গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী; ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫-এর আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়। আর কুয়েতের আদালতে দণ্ডিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন ২৮ জানুয়ারি শূন্য ঘোষণা করা হয়।