জামালপুরের মেলান্দহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার শ্যামপুরের কাজাইকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত তানিয়া আক্তার (২৪) মেলান্দহের নয়ানগর গ্রামের হাসান মাহমুদের মেয়ে। তানিয়াকে হত্যার অভিযোগে গ্রেপ্তার তার স্বামী আবু তাহের (৩৬) শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
নিহতের পরিবার জানায়, ২০১৬ সালে প্রেম করে তানিয়া আক্তারকে বিয়ে করেন আবু তাহের। বিয়ের পর থেকেই তারা মেলান্দহ শহরে বসবাস করছিলেন। তাদের সংসারে তানভীর নামে ৪ বছরের এক ছেলে এবং তাহিয়া নামে ১০ মাস বয়সী এক মেয়ে রয়েছে। গেল ঈদুল ফিতরের আগে তারা গ্রামের বাড়ি কাজাইকাটায় আসেন। গতকাল দুপুরে আবু তাহের তার শ^শুর হাসান মাহমুদকে তাদের বাড়িতে আসতে বলেন। তানিয়ার বাবা মেয়ের শ^শুরবাড়িতে এসে তার লাশ গোসল করানো অবস্থায় বাড়ির উঠানে দেখতে পান। এ সময় আবু তাহের বলেন, সকালে তানিয়ার সঙ্গে তার ঝগড়া হয়েছিল, এরই পরিপ্রেক্ষিতে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। কিন্তু তাহেরের ওই ভাষ্যে তানিয়ার বাবার সন্দেহ হলে তিনি মেলান্দহ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তানিয়ার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার স্বামী আবু তাহেরকে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু তাহেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা হলেই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’