বছরে ৭০ লাখ টাকার নিচে লেনদেন হলে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে করমুক্ত রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বর্তমানে এই সীমা ৫০ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী নারী উদ্যোক্তাদের বিকাশের স্বার্থে কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব করেন।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়লে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত ও নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে মোট টার্নওভারের ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি।’ এর ফলে নারী উদ্যোক্তা ও এসএমই খাত উভয়ই উপকৃত হবে বলে আশা করছেন আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বর্তমানে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভারের ৫০ লাখ টাকা করমুক্ত রয়েছে। অর্থাৎ কোনো নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের বার্ষিক আয় ৫০ লাখ টাকা হলে তাকে কোনো করপোরেট কর দিতে হয় না।
কর ছাড়ের পাশাপাশি নারী উদ্যোক্তাদের নানা ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছে সরকার। কভিড-১৯ পরিস্থিতিতে এসএমই খাতের চলতি মূলধন ঋণের প্রণোদনার ২০ হাজার কোটি টাকার তহবিলের ৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য রাখা হয়। এ ছাড়া নারী উদ্যোক্তাদের সহজে ব্যাংকঋণ প্রাপ্তি, বাজেট থেকে থোক বরাদ্দসহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে আসছে সরকার।