খুলনায় বিএনপির স্মারকলিপি প্রদান

টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি

উপকূলীয় এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা প্রদান, পানিসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন, খাদ্যসামগ্রী, ওষুধ ও খাবার পানি দ্রুত প্রেরণ, ক্ষয়ক্ষতি নিরূপণ, ক্ষতিগ্রস্ত এলাকাকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা, কর্মহীন মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণে মহাকর্মপরিকল্পনা গ্রহণ ও সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেছে খুলনা জেলা ও মহানগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেনের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বিএনপি নেতারা উল্লেখ করেন, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে খুলনাসহ দেশের উপকূলীয় অঞ্চলের জেলাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলীয় বাঁধ ভেঙে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এছাড়া পানিতে ভেসে গেছে চিংড়ি ও মৎস্যঘের। বিলীন হয়ে গেছে রাস্তাঘাট, ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। তীব্র সংকট সৃষ্টি হয়েছে খাদ্য ও খাবার পানির। কিন্তু এখনো শুরু হয়নি জরুরি ত্রাণ তৎপরতা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ বরাবরই সরকারের অবহেলার শিকার। ঘূর্ণিঝড় আইলা ও আম্পানে বিধ্বস্ত জনপদের ক্ষতিগ্রস্ত জনগণকে বলা হয়েছিল উপকূলের মানুষকে রক্ষায় টেকসই বেড়িবাঁধ, সবুজ বেষ্টনী, কর্মহীন মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু তার কিছুই করা হয়নি। স্মারকলিপিতে ওই দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জাফরুল্লাহ খান সাচ্চু, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, শাহ জালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, সিরাজুল হক নান্নু, আবু হোসেন বাবু, মাহবুব কায়সার, আশরাফুল আলম নান্নু প্রমুখ।