বরিশালে সাড়ে পাঁচ লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ২০ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। এদের মধ্যে চার লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ ১৯ জনকে নৌ-পুলিশ এবং দেড় লাখ রেণু পোনাসহ একজনকে উপজেলা প্রশাসন আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে বরিশাল সদর নৌ থানা পুলিশের সদস্যরা এসব রেণু পোনা জব্দ করেন।
বরিশাল নৌ থানার ওসি হাসনাত জামান জানান, একটি ট্রাকে করে ২০টি ড্রামে রেণু পোনা ভোলা থেকে খুলনার দিকে নেওয়া হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেণু পোনাসহ ১৯ জনকে আটক করা হয়।
এদিকে বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে আরও দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনাসহ একটি পিকআপ ও এক পাচারকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকামুখী একটি পিকআপে পাঁচটি ড্রামভর্তি দেড় লাখ গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। এ সময় একজনকে আটক করা হয়।