দেশি মোবাইল হ্যান্ডসেট শিল্পের বিকাশে ফিচার ফোন আমদানিতে শুল্কহার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট পাস হলে বিদেশি ফিচার ফোনের দাম বাড়বে।
অর্থমন্ত্রী বলেন, ‘সেলুলার ফোন উৎপাদন, সংযোজন ও পশ্চাৎ সংযোগ শিল্পের প্রসারে এ শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা আরও বিনিয়োগবান্ধব ও যৌক্তিকীকরণ এবং দেশীয় শিল্পের প্রতিরক্ষণে ফিচার ফোন আমদানিতে শুল্কহার বৃদ্ধিকরণের প্রস্তাব করছি।’ বিদেশি ফিচার ফোনে শুল্ক বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদকদের ভ্যাটছাড় দেওয়ার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে দেশে ব্যবহৃত মোবাইলের সিংহভাগ এ দেশে উৎপাদন ও সংযোজন হয়ে থাকে। স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও দুই বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী দেশীয় কম্পিউটার ল্যাপটপ ও আইসিটি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিরক্ষণে কম্পিউটারের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও আইসিটি শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাবও করেছেন। প্রিন্টার, ডিজিটাল ওয়াচ, সিসিটিভি ও মনিটরসহ কম্পিউটার যন্ত্রাংশ স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
তথ্যপ্রযুক্তি সেবা হিসেবে ই-লার্নিং এবং ই-বুককে ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিস (আইটিইএস) সেবার অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে বাজেটে।