পেসার মোহাম্মদ আব্বাস ও নাসিম শাহকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আর ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হার্ড-হিটিং ব্যাটসম্যান আজম খান। এ ছাড়া এই ফরম্যাটে রাখা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকেও।
ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য তিন ফরম্যাটের স্কোয়াড ঘোষণার বিষয়ে পাকিস্তানের প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের নির্বাচনে ধারাবাহিকতা রেখেছি এবং প্রস্তুত থাকা ক্রিকেটারদের স্কোয়াডে রেখেছি। এটা চূড়ান্তভাবে গুরুত্বপূর্ণ সফর হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। আমরা ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজ। এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজও হবে ইংলিশদের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও নেওয়া হবে। তাদের বিপক্ষে জ্যামাইকা টেস্ট খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে।
তিনি আরও জানান, অধিনায়ক বাবর আজম ও প্রধান কোচ মিসবাহ-উল-হকের সঙ্গে পরামর্শ করার পর আমরা অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছি। অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি ঘরোয়া পারফরম্যান্সের ভিত্তির পুরস্কারস্বরূপ নতুন মুখ হিসেবে রাখা হয়েছে আজম খানকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন আব্বাস ও নাসিম। ২০১৭ সালে সফল এক সময় কাটিয়েছিলেন আব্বাস। উইন্ডিজের বিপক্ষে সিরিজে নিয়েছিলেন ১৫ উইকেটে। এই মৌসুমে তিনি ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২৭ উইকেট নিয়েছেন। পাকিস্তানের টেস্ট স্কোয়াডে ফিরেছেন ইয়াসির শাহ। হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। তবে এখনো পুরোপুরি সেরে ওঠেননি ইয়াসির। ফিটনেসের ওপর নির্ভর করছে তার দলে থাকা।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলবে ৮ থেকে ২০ জুলাইয়ের মধ্যে। এরপর উইন্ডিজের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ও দুটি টেস্ট সিরিজ খেলবেন বাবর আজমরা।
ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হারিস সোহেল, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।
টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ শাহীন শাহ আফ্রিদি, শারজিল খান ও উসমান কাদির।
টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক) মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নওমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, ইয়াসির শাহ (ফিটনেসের ভিত্তিতে) ও জাহিদ মাহমুদ।