অবশেষে ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রতীক্ষিত অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার এসেছে। ২ জুন মুক্তির পর ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়াচ্ছে। সিরিজটি আগামী ঈদুল আজহা সামনে রেখে চরকির উদ্বোধনী দিনে মুক্তি পাবে। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয় গত বছর। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, জোভান, নাজনীন চুমকি, শিমুল খান, আবদুল্লাহ রানাসহ অনেকে। শিহাব শাহীন বলেন, ‘মরীচিকার ট্রেলার রিলিজ প্রসঙ্গে সেই ফিল্মি ডায়লগটাই আমি বলতে চাই, এটা তো শুধু ট্রেলার, সিনেমা এখনো বাকি! দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটা ঝলক দেখতে পেয়েছেন মাত্র। পুরো সিরিজে অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে। সিরিজসংশ্লিষ্ট সব শিল্পী, কলাকুশলী অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা আর প্যাশনের ফল এটি।’ ট্রেলারে দেখা গেছে, ভিলেনরূপী নিশো, পুলিশবেশে সিয়াম ও মডেল চরিত্রের মাহিকে। এত দিন জোভানের চরিত্রটি আড়ালে থাকলেও ট্রেলারে সেটিরও ইঙ্গিত রয়েছে। সিরিজটির গল্প এক তরুণ মডেলের হত্যার তদন্ত নিয়ে। হঠাৎ একদিন এক ব্রিজের নিচ থেকে পাওয়া যায় সেই মডেলের লাশ। আর এর পরই হত্যাকা-ের রহস্য উন্মোচনে নামেন পুলিশ অফিসার শাকিল।