করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ শনিবার সকাল ৬টা থেকে আগামী ১১ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
লকডাউন ঘোষণা করা এলাকাগুলো হলো নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫নং বিনোদপুর, ৬নং নোয়াখালী, ১০নং অশ্বদিয়া ও ১১নং নেয়াজপুর ইউনিয়ন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, গতকাল বিকেল ৪টায় জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা শেষে উল্লিখিত এলাকাগুলো লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে লকডাউনের ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয় থেকে পাওয়া তথ্যমতে, গতকাল পর্যন্ত সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪০ জন। বর্তমান পরিস্থিতিতে করোনা শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রবেশপথে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। ওইসব এলাকায় কাউকে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে নিষেধ করে মাইকিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।