সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বিএনপির বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো

বিএনপিসহ কিছু ব্যক্তি ও সংগঠনের বাজেট প্রতিক্রিয়া কাকাতুয়ার শেখানো বুলির মতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিগত কয়েক  বছরের সংবাদপত্র ঘাঁটলেই দেখা যাবে, প্রতি বছর বাজেটের পর তারা একই মন্তব্য করে আসছেন।’

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সিপিডি এবং কেউ কেউ বাজেটে ঘাটতির কথা তুলে একে দুর্বল বলেছে, এর জবাবে তথ্যমন্ত্রী বিশে^র অন্য দেশগুলোর উদাহরণ দিয়ে বলেন, গত বছর যুক্তরাষ্ট্রে জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ছিল ১৫.২%, যুক্তরাজ্যে ১৪.৩%, জাপানে ১২.৬২%, প্রতিবেশী দেশ ভারতে ৯.৩%, আর সেখানে বাংলাদেশে এই ঘাটতি মাত্র ৬.২%। তা ছাড়া করোনার মধ্যেও বাংলাদেশ যে এগিয়ে গেছে তার প্রমাণ, দেশের মানুষের মাথাপিছু আয় যেমন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলারে দাঁড়িয়েছে, সেই সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়ে বাংলাদেশ এখন ঋণদাতা দেশে পরিণত হয়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা আর এবারের প্রস্তাবিত ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সেই তুলনায় ৮ গুণ বৃদ্ধি পেয়েছে, যা গত সাড়ে ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব অগ্রগতির নজির।’

‘বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু নেই’ বিএনপি মহাসচিবের এই মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, বাজেটে সাধারণ মানুষের জন্য পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসৃজনকে যেমন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি বাজেটের ৫% বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতে রাখা হয়েছে, যা ভারতে ৩.১% এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড় বরাদ্দ ৩.৪৮% মাত্র বলে জানান তিনি।