ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল মোড় ও আদমজী ইপিজেড সড়কে যানজটে নাকাল হচ্ছেন যাত্রী ও পথচারীরা। এসব এলাকায় যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। অফিসগামী লোকজনদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে বেশি। এসব স্থানের সড়কের মাঝখানেই যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা, ধীরগতির যানবাহন মহাসড়কে চলাচল করা, ডিভাইডার দিয়ে গাড়ি ঘুরানো, যানবাহন থামিয়ে চাঁদা আদায় এবং পুলিশসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালনে অবহেলার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়।
জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা ও শিমরাইল মোড়ে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট সাইনবোর্ড থেকে মাতুয়াইল শিশু হাসপাতাল পর্যন্ত এবং নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সড়কে সামাদবানু পাম্প স্টেশন থেকে সাইনবোর্ড পর্যন্ত যানজট লেগেই থাকে।
যাত্রী আনোয়ার হোসেন বলেন, প্রতিদিনই যানজটের জন্য অফিসে যেতে দেরি হয়। এক ঘণ্টা আগে বের হয়েও যানজটের কারণে সময়মতো অফিসে পৌঁছাতে পারছি না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় লিংক রোডের সামাদবানু পাম্প স্টেশনের সামনের ডিভাইডার দিয়ে গাড়ি ঘুরানো, সড়কের ওপর যাত্রীবাহী বাস থামিয়ে রেখে যাত্রী ওঠানো, ধীরগতির যানবাহন চলাচল, সড়কের পাশে ট্রাক পার্কিং করে রাস্তা দখলে রাখা, বাস থামিয়ে চাঁদাবাজদের চাঁদা আদায়ের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, রাস্তায় চাঁদা আদায়কারীদের কারণে যানবাহন থামাতে হয়। এছাড়া যানজটের কারণে ট্রিপ কম হওয়ায় গাড়ির জমা টাকাই ওঠে না। এতে গাড়ির মালিক আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন।
এদিকে শিমরাইল মোড়েও একই অবস্থা। সাইনবোর্ড থেকে যানবাহন শিমরাইল মোড়ে এসে পুনরায় যানজটের কবলে পড়ছে। শিমরাইল থেকে মৌচাক পর্যন্ত যানজট ছড়িয়ে থাকে। কোনোভাবেই যানজট থেকে মুক্ত হতে পারছেন না যাত্রীরা। এছাড়াও এর পাশে শিমরাইল থেকে আদমজী ইপিজেড সড়ক রয়েছে। এ সড়কেও যানজট দেখা গেছে। এ সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও আদমজী ইপিজেড গেটে যানজটের সৃষ্টি হচ্ছে।
সওজ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, লিংক রোডের ডিভাইডার আমরা করে দিইনি। এসব স্থানে রাতের আঁধারে ডিভাইডার ভেঙে স্থানীয়রা ব্যবহার করে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, লিংক রোডে সওজ কর্তৃপক্ষ ফুটওভার ব্রিজ নির্মাণকাজ করায় যানবাহন নির্বিঘেœ চলাচল করতে না পারায় কিছু যানজটের সৃষ্টি হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে যানজট থাকবে না বলে তিনি দাবি করেন।