আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় আম কুড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আব্দুল মোতালেবের স্ত্রী মোরশেদা বেগম (৩০) ও গাইবান্ধা সদরের পশ্চিম পুলিয়া এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী সাজেদা আক্তার (৫০)। তারা দু’জন টেকিবাড়ি এলাকার সোনা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

ঢাকার কমলাপুর রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক জানান, গতকাল সকাল ৯টার দিকে বৃষ্টি চলাকালীন ঢাকা-রাজশাহী রেলপথের পাশে আম গাছের নিচ থেকে আম কুড়াচ্ছিলেন মোরশেদা ও সাজেদা। এক পর্যায়ে রেললাইনে উঠে পড়েন তারা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।