দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাসেল আলী (৩৩) নামে এক বখাটের বিরুদ্ধে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
রাসেল উত্তর চন্ডিপুর গ্রামের আতাহার আলী খানের ছেলে ও পার্শ্ববর্তী হলদিবাড়ি ইউনিয়নের রেলগেট সংলগ্ন বার্মা ফিলিং স্টেশনের কর্মী। ঘটনার পর থেকে সে পলাতক।
এ ঘটনায় আহত উত্তর চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হোসেনকে (৫০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী শাহনাজ পারভীন অভিযোগ করেন, ‘সকালে আমার স্বামী স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণের জন্য বিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তার পথরোধ করে বখাটে রাসেল তার হাতে থাকা লাঠি দিয়ে বেধড়ক মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই ইমদাদুল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। তার কপাল ও পেটে গুরুতর জখম হয়েছে। আমি দ্রুত রাসেলের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলম বলেন, ‘সম্প্রতি আমাদের বিদ্যালয়ের একতলা ভবন পুনঃনির্মাণে ৫৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। আজ (গতকাল) থেকে নির্মাণকাজ শুরু হয়েছে। এ নির্মাণকাজ ঘিরে একদল বখাটে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি করে। তিনি রাজি না হওয়ায় এলাকার চিহ্নিত বখাটে রাসেল এ ঘটনা ঘটিয়েছে।’
তবে অভিযুক্তের বাবা আতাহার আলী খানের দাবি, তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিদ্যালয়ে একতলা ভবন ও সীমানা প্রাচীর যে অংশে নির্মাণ করা হচ্ছে, সেখানে আমাদের জমি রয়েছে। নিজের জমির দখল বুঝে নিতে গেলে বিদ্যালয় কর্র্তৃপক্ষের সঙ্গে ঝামেলা দেখা দেয়। এরই জের ধরে এখন হয়রানি করার জন্য ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।
পার্বতীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ক খ ম আলাউল হাদী বলেন, ‘ঘটনাটি শোনার পর মুঠোফোনে যোগাযোগ করেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
পার্বতীপুর মডেল থানার ওসি জাফর ইমাম জানান, এ ধরনের একটি খবর তারাও পেয়েছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।