চট্টগ্রাম, মোংলায় কারখানা করবে ২ বিদেশি প্রতিষ্ঠান

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) দুটি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল রবিবার লিজ চুক্তি করেছে। প্রতিষ্ঠানগুলো ১২ মিলিয়ন ডলার বিনিয়োগে চট্টগ্রাম ও মোংলা ইপিজেডে কারখানা স্থাপন করবে। এ পর্যন্ত বেপজা চলতি অর্থবছর ১২ প্রতিষ্ঠানের সঙ্গে ১২৫ দশমিক ২১ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে সিঙ্গাপুর-শ্রীলঙ্কা মালিকানাধীন কোম্পানি মেসার্স এমএএস সুমন্ত্র-২ প্রাইভেট লিমিটেড ও দক্ষিণ কোরিয়া মালিকানাধীন মেসার্স গ্যাবো গ্লোবাল লিমিটেড। চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানা স্থাপন করবে এমএএস সুমন্ত্র-২। প্রতিষ্ঠানটি ৭ দশমিক ১৮ মিলিয়ন ডলার বিনিয়োগে বার্ষিক ২ কোটি ৮৫ লাখ পিস অন্তর্বাস উৎপাদন করবে। মেসার্স গ্যাবো গ্লোবাল মোংলা ইপিজেডে একটি গার্মেন্টস ও ক্যাম্পিং ম্যানুফ্যাকচারিং কারখানা করবে। তারা ৪ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগে বার্ষিক ২৩ লাখ পিস ওভেন গার্মেন্টস, নিট গার্মেন্টস ও ক্যাম্পিং সামগ্রী তৈরি করবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মো. নজরুল ইসলামের উপস্থিতিতে বেপজা কমপ্লেক্স ঢাকায় এ ভূমি ইজারা দলিল স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান এবং এমএএস সুমন্ত্র-২-এর কান্ট্রি হেড মঙ্গলা আথাউদা ও গ্যাবো গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মি. ডু কিউন বেপজা কমপ্লেক্সে এ চুক্তিগুলোয় স্বাক্ষর করেন।