বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আত্মস্বীকৃত খুনির মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের খেতাব বাতিল করেছে সরকার। গতকাল রবিবার বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্রনাথ দত্ত স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই চারজন হলেন বরখাস্তকৃত লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীরউত্তম গেজেট নং-২৫), বরখাস্তকৃত লে. কর্নেল এস এইচ এম এইচ এম বি নুর চৌধুরী (বীরবিক্রম গেজেট নং-৯০), বরখাস্তকৃত লে. এ এম রাশেদ চৌধুরী (বীরপ্রতীক গেজেট নং-২৬৭), বরখাস্তকৃত নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীরপ্রতীক গেজেট নং-৩২৯)। খেতাব বাতিল হওয়ায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।

এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ অন্যান্য শহীদদের হত্যা মামলায় আত্মস্বীকৃত আদালত কর্র্তৃক মৃত্যুদ-প্রাপ্ত ঘৃণ্য এই ৪ খুনির মুক্তিযুদ্ধের বীরত্বসূচক খেতাব থাকা জাতির জন্য লজ্জাজনক, সেজন্য এ গেজেট বাতিল করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় এই চার খুনির খেতাব বাতিলের সুপারিশ করা হয়।