টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ : হারুন

করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার বলে অভিযোগ করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। গতকাল রবিবার জাতীয় সংসদে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘প্রথমে চীন ও রাশিয়া ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল। তারা ট্রায়াল দিতে চেয়েছিল। কিন্তু আমরা তাদের ট্রায়ালের অনুমতি দেইনি। তাদের প্রস্তাব সেই সময় গ্রহণ করলে এখন আমাদের ভ্যাকসিনের সংকট হতো না। ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার। যে কারণে ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে কথা হলেও ভ্যাকসিন পাব কি না তা অনিশ্চিত। আশা করব, এই অবস্থা থেকে পরিত্রাণে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।’

হারুন বলেন, ‘বাজেটে ভ্যাকসিনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন দেওয়া হয়নি। ভ্যাকসিন আমাদের দিতে হবে। দেড় বছর হলো আমরা করোনা প্রাদুর্ভাবে পড়েছি। দুই শতাংশ মানুষকেও আমরা এ সময়ে ভ্যাকসিন দিতে পারিনি। অন্যদিকে সরকার করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে ব্যর্থ হয়েছে।’

বিএনপিদলীয় সংসদ সদস্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের জন্য প্রস্তাব রাখেন।

টিকা নিয়ে নয়ছয় রুমিন ফারহানা : সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপিদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনায় শুরু থেকেই নয়ছয় দেখছি। বেক্সিমকোর চাপের কারণে সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি। অথচ রাশিয়া ও চীন আমাদের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল। টিকা বিক্রি করে সরকারি দলের এক অতিক্ষমতাসীন ব্যক্তির লাভের জন্য নাগরিকদের জীবন হুমকির মধ্যে ফেলেছে রাষ্ট্র।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেও বিগত ১০ বছরের স্বাস্থ্যসেবায় এডিপি বাস্তবায়ন এই বছরে সবচেয়ে কম। প্রথম ১০ মাসে বরাদ্দের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ।’

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সচিবালয়ে রোজিনাকে ৬ ঘণ্টা ধরে যে হেনস্তা করা হয়েছে, যারা এজন্য দায়ী তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও স্পিকারের মাধ্যমে সরকারের কাছে জানতে চাই।’