মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) তদন্ত অনুযায়ী বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মাদক। আর এই দৃষ্টিকোণ থেকে এনসিবি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বয়ান তাদের চার্জশিটে দাখিল করেছে। এই বয়ান হাতে লেখা। তাতে সুশান্তের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন রিয়া। রিয়ার বক্তব্য, তার সঙ্গে পরিচয়ের আগে থেকেই সুশান্তের মাদকাসক্তি ছিল। বেশ কিছুদিন আগে চার্জশিটে এ বক্তব্য দিলেও সম্প্রতি এটি ফাঁস হয়। সম্প্রতি নতুন করে তদন্ত শুরু হয়েছে সুশান্তের মামলার। রিয়া তার এই বয়ানে বলেছেন, সুশান্ত তার বোন প্রিয়াঙ্কা আর তার স্বামী সিদ্ধার্থের সঙ্গে গাঁজা সেবন করতেন। তারাই সুশান্তের জন্য গাঁজা নিয়ে আসতেন। রিয়ার অভিযোগ, সুশান্তের পরিবারের সবাই ভালোভাবে জানতেন যে তিনি মাদকাসক্ত। বয়ানে বলা হয়েছে, সুশান্তের শারীরিক অবস্থা খারাপ হলে রিয়ার ভাই শৌভিক তাকে হাসপাতালে ভর্তি করতে চেয়েছিলেন। কিন্তু সুশান্ত রাজি হননি।
চার্জশিট বয়ানে একটা প্রেসক্রিপশনের কথা উল্লেখ করেছেন রিয়া, যা ২০২০ সালের ৮ জুন প্রিয়াঙ্কা তার ভাই সুশান্তকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। এই প্রেসক্রিপশনে ওষুধের নাম ছিল। এই ওষুধগুলো এনডিপিএস (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেনসেস) অনুযায়ী মাদক। সুশান্তকে এই ওষুধগুলো নেওয়ার কথা বলা হয়েছিল। সুশান্তের সঙ্গে দেখা না করেই এই প্রেসক্রিপশন বানিয়েছিলেন দিল্লির এক হৃদরোগ বিশেষজ্ঞ। রোগীর সঙ্গে সাক্ষাৎ না করে এ ধরনের ওষুধ দেওয়া যায় না। রিয়া তার বয়ানে বিশেষ করে এই বিষয়ে জোর দিয়েছেন যে প্রিয়াঙ্কার পাঠানো প্রেসক্রিপশনের এই ওষুধগুলো সেবনের কারণেই সুশান্তের মৃত্যু হতে পারে। ৮ থেকে ১২ জুন সুশান্তের অন্য বোন মিতু এই বলিউড তারকার সঙ্গে ছিলেন। রিয়া এই তথ্য মুম্বাই পুলিশকে দিয়েছিলেন।