আয়-ব্যয়ের হিসাব চেয়ে রাজনৈতিক দলগুলোকে ইসির চিঠি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে।

গতকাল সোমবার ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার এক কপি কমিশনে জমা দেওয়ার জন্য বলা হলো। দলগুলোর সুবিধার্থে আয়-ব্যয়ের হিসাব কীভাবে দিতে হবে, তার একটা নমুনা ছকও ওই চিঠির সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। 

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী, পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসির কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে ইসির সেই দলের নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে। বর্তমানে ইসিতে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে।