মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশিসহ ১৫৬ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সাইবারজায়া শহরের একটি বসতিতে অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছে।

অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ দ্য স্টারকে জানান, গত রবিবার চালানো এই অভিযানে মোট ২০২ জনকে আটক করা হয়। চার থেকে ৫০ বছর বয়সী এসব অভিবাসীর কাগজপত্র খতিয়ে দেখার পর ১৫৬ জনকে আটক রাখা হয়েছে।

তিনি আরও জানান, বৈধ কাগজপত্র না থাকায় ১৫৬ জনকে সোমবার পুত্রজায়ার অভিবাসী আটক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই অবৈধ বসতি থেকে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি ছিল। মালয়েশিয়ার অভিবাসন কর্র্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চালানো বসতিতে বিদ্যুৎ ও পানির অবৈধ সরবরাহ নেওয়া হয়েছিল। তিন মাস ধরে তথ্য সংগ্রহের পর পুলিশ ও জাতীয় নিবন্ধন কর্র্তৃপক্ষের সহযোগিতায় এসব অভিবাসীকে আটক করা হয়।

পৃথক এক মন্তব্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কেবল অবৈধ অভিবাসী ও বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে, নিয়োগকারীদের বিরুদ্ধে নয় এমন অভিযোগ উড়িয়ে দেন খাইরুল দিজাইমি। এ বিষয়ে তিনি বলেন, ‘এসব দাবি সত্যি নয়। শুধু ২০১৯ সালেই আমাদের অভিবাসন আইনের আওতায় এক হাজার ৫৯ জন নিয়োগকারীকে গ্রেপ্তার ও জরিমানা করা হয়েছে। ২০২০ সালেও ১৩০ জন নিয়োগকারীকে আদালত জরিমানা করে।’