প্রতিদিনই যশোরে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার শনাক্তের হার ৪২ শতাংশ।
সোমবার এ হার ছিল ২৯ শতাংশ। এ ছাড়া মৃত্যু হয়েছে একজনের।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও বহাল ছিল ঊর্ধ্বমুখী।
গত ৩ জুন শনাক্তের হার ছিল ২৫ শতাংশ, ৪জুন ২৩ শতাংশ, ৫জুন ২০ শতাংশ, ৬ জুন বেড়ে ২৩ শতাংশে, পর দিন ৭জুন তা আরও বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। বৃদ্ধির ধারাবাহিকতায় আজ ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৯৪জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৫জনের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩জন। এ ছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন।
ঊর্ধ্বমুখী এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।
এর মধ্যে যশোর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৬ জুন থেকে।
এ ছাড়া আজ (মঙ্গলবার) জেলার আলেম-ওলামা ও ইমাম পরিষদের সঙ্গে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মসজিদের প্রবেশ ও নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ প্রতি ওয়াক্তের নামাজের আগে ও জুমার নামাজে খুতবায় ইসলামের আলোকে করোনাভাইরাসের ভয়াবহতা এবং প্রতিকারের বিষয়ে খুতবার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।