সংঘর্ষে একজন নিহত, সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিলের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার আড়াই ঘণ্টা পর সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে দিগদাইড় ইউনিয়নের ডুবাইল বিলের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া বল্লমের আঘাতে সাদেক ভেন্ডারপক্ষের শফিকুল ইসলাম আহত হন। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে অবস্থানের সময়ে এলাকায় সাবেক ইউপি সদস্য আবদুর রাশিদের মৃত্যুর বিষয়টি চাউর হয়। পরে দিগদাইড় গ্রামের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দিগদাইড় ইউনিয়নের সাবেক সদস্য। সংঘর্ষে নিহত শফিকুল ইসলাম ও লাশ উদ্ধার হওয়া আবদুর রাশিদ দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডারপক্ষের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাবেক ইউপি সদস্য আবদুর রাশিদ মেম্বারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তাড়াইল থানার ওসি মুজিবুর রহমান জানান, রাশিদ মেম্বারের মৃত্যুর খবর শুনে পুলিশ তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার লাশ না পেয়ে খোঁজাখুঁজি করে একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

এদিকে আবদুর রাশিদ মেম্বারের মৃত্যু নিয়ে এলাকায় ধূম্রজাল তৈরি হয়েছে। কেউ বলছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আবার কেউ বলছেন প্রতিপক্ষ প্রবাসী মতি-আশক আলী পক্ষের লোকজন তাকে হত্যা করেছে।

ডুবাইল বিলের নিয়ন্ত্রণ নিয়ে দিগদাইড় পশ্চিমপাড়ার গ্রামের সাদেক ভেন্ডার ও খোকন পক্ষের সঙ্গে প্রবাসী মতি-আশক আলী পক্ষের বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।