ধনী দেশগুলো যদি টিকার সঠিক বিতরণ না করে তাহলে কয়েক মিলিয়ন ডোজ টিকা নষ্ট হবে বলে ধারণা করছে জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল সংস্থা ইউনিসেফ। দাতব্য সংস্থাটি বলছে, জনসংখ্যার বিচারে ভ্যাকসিনের বণ্টন খুবই জরুরি। ধনী দেশগুলো নিজেদের চাহিদার তুলনায় বহুগুণ ভ্যাকসিন মজুদ করে রেখেছে। ফলে তুলনামূলক গরিব দেশগুলো তাদের নাগরিকদের জন্য ভ্যাকসিন পাচ্ছে না।
এছাড়া ধনী দেশগুলো টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে আগাম টিকা চেয়ে রেখেছে। যুক্তরাজ্যসহ আরও কিছু দেশ টিকা বিতরণের যে প্রতিজ্ঞা করে রেখেছে তা এখনই পালন করা উচিত। কারণ বহু গরিব দেশে টিকার সংকট রয়েছে।
এদিকে যুক্তরাজ্যসহ জি-৭ভুক্ত দেশগুলোকে আগামী আগস্টের মধ্যে ২০ শতাংশ টিকা গরিব দেশগুলোতে বিতরণের তাগিদ দেন কয়েকজন বিশ্ব তারকা। বিলি আইলিশ, ডেভিড বেকহাম ও প্রিয়াংকা চোপড়াসহ বেশ কয়েকজন সুপারস্টার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। চিঠিতে আরও স্বাক্ষর করেছেন অ্যান্ডি মারে, অলিভিয়া কোলম্যান, কেটি পেরি, ওরলান্ডো ব্লুমের মতো তারকারা।
চিঠিতে তারকারা উল্লেখ করেছেন, ইউনিসেফ গরিব দেশগুলোর জন্য টিকা সরবরাহ করছে। এখনো ১৯০ মিলিয়ন টিকার সংকট রয়েছে। ধনী দেশগুলোকে এ টিকা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। ডেভিড বেকহাম বলেন, পৃথিবীর কোনো একপ্রান্তে যদি মহামারী থেকে যায় তাহলে পুরো পৃথিবী মহামারীমুক্ত হয়েছে তা বলা যাবে না।
ইউনিসেফের ভ্যাকসিনবিষয়ক প্রধান লিলি চাপরানি বলেন, এখন ১৮ বছরের কমবয়সীদেরও টিকার আওতায় আনার সময় এসেছে। তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ মানুষ তথা অঞ্চলের কথাও ভাবতে হবে।