আশুলিয়ায় কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় রাব্বানী (৩৫) নামের এক কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনি এলাকার আজাহার ভিলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাব্বানী রংপুর জেলার গংগাচড়া থানার গান্নার এলাকার রজব সরকারের ছেলে। তিনি আশুলিয়ার ওই এলাকায় ভাড়া থেকে শ্রীপুর পাইকারি কাপড় মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা যায়।

নিহতের স্ত্রী লিখন জানান, আমাদের পরিবারের মধ্যে কোনো সমস্যা নেই। তবে ব্যবসায়িক কারণে তিনি কিছু টাকা ঋণ থাকার কথা শুনেছি। কত টাকা তাও জানি না। হয়তো টাকার জন্য কেউ চাপ দিয়েছে তাই কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।