জ্বর, সর্দি ও কাশির মতো করোনা উপসর্গ নিয়ে বুধবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আম্বিয়া বেগম (৪৫) নামে এক নারী।
করোনার র্যাপিট অ্যান্টিজেন পরীক্ষণের জন্য এ দিন তিনি রেজিস্ট্রেশন করান। কিন্তু পরীক্ষণের জন্য অপেক্ষার পালায় বাধ সাধে মৃত্যু! হাসপাতালের মহিলা ওয়ার্ডেই সকাল সাড়ে ১১টায় আম্বিয়া বেগম মারা যান।
কর্তব্যরত চিকিৎসক ডা. দেবব্রত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি করোনায় মারা গেলেন কিনা, সেটিও নিশ্চিত করে বলতে পারেননি এ চিকিৎসক।
তিনি ধারণা করছেন যেহেতু উপসর্গ ছিল এবং টেস্ট করাতে এসেছিলেন তাই করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন।
মৃত আম্বিয়া বেগম উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. জাহাঙ্গীর খাঁয়ের স্ত্রী বলে জানা গেছে।