চাঁদপুরের কচুয়া উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনায় শাখা ব্যবস্থাপক মামুন খানসহ (৩৪) তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন এজেন্ট শাখার ক্যাশিয়ার মাহাবুব আলম (৩৫) ও মামুনের বোন সুলতানা রাজিয়া।
এ ঘটনায় গতকাল বুধবার এজেন্ট ব্যাংকের অপর অংশীদার দুলাল মৃধার বাবা লোকমান মৃধা কচুয়া থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়। গত সোমবার রাতে উপজেলার
কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেন্টারের দোতলায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভেঙে ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা নিয়ে যায়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপক ও ক্যাশিয়ার নিজেরা অর্থ আত্মসাতের জন্য চুরির নাটক সাজান। পরে তারাই থানায় অভিযোগ করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন তারা। আজ (গতকাল) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশ সুপার মিলন মাহামুদ জানান, তদন্ত শেষে দ্রুত চুরির ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। তাদের সঙ্গে আরও কারা জড়িত এবং বাকি টাকা উদ্ধারে আসামিদের রিমান্ড চাওয়া হবে।