বিভিন্ন দেশের প্রবাসীরা সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কিন্তু করোনা মহামারীর কারণে অনেকেই দেশে আটকা পড়েছেন। ছুটি শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদিতে ফিরতে না পারলে কাজ হারাতে হতে পারে এসব প্রবাসীর। সে কারণে অনেক প্রবাসীই এখন কাজ হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কিন্তু বিভিন্ন দেশে আটকেপড়া এসব দেশের প্রবাসীর জন্য সুখবর দিল সৌদি আরব। দেশটি এসব প্রবাসীর ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বয়ংক্রিয়ভাবেই এসব প্রবাসীর ভিসার মেয়াদ বাড়বে বলে জানানো হয়েছে। সৌদি আরবের একটি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, করোনার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া সৌদি প্রবাসীদের ভিসা এবং আবাসন অনুমোদনের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হচ্ছে।
কর্র্তৃপক্ষ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান বিল আবদুল আজিজ আল সৌদের সম্মতিতে সৌদি জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার (সৌদি আরবে বসবাসে অনুমতি) মেয়াদ বাড়ানো এবং বহির্গমন/সৌদিতে ফেরায় ভিসার বৈধতা এবং ভিজিট ভিসা ৩১ জুলাই পর্যন্ত বিনামূল্যে প্রদান করবে। অর্থাৎ যারা বিভিন্ন দেশে আটকা পড়েছেন তাদের ভিসা এবং ইকামার মেয়াদ বাড়ানো হবে। পরে ভ্রমণ নিষেধাজ্ঞা শেষ হলে তারা আবারও স্বাভাবিকভাবেই সৌদিতে ফিরতে পারবেন।
করোনা মহামারীর কারণে সৌদির অর্থনীতিতে বিপর্যয় নেমে এসেছে। অর্থনীতিকে আবারও গতিশীল করার লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।