সুন্দরবনে বাঘের থাবা খেয়ে আহত অবস্থায় লোকালয়ে চলে এসেছে একটি হরিণ। হরিণটিকে চিকিৎসা দিয়ে ফের বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যমারী গ্রাম সংলগ্ন বনে বাঘের আক্রমণের শিকার হয়ে একটি হরিণ ওই গ্রামের দুলালের বাড়িতে চলে আসে। পরে ওই বাড়ির লোকজন বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে যায়।
সেখানে রক্তাক্ত হরিণটিকে চিকিৎসা দেয়ার পর সুস্থ হলে দুপুরে বনে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, হরিণটিকে অনেকটাই খারাপ অবস্থায় পেয়েছি, পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। চিকিৎসা দেয়ার পর হরিণটি সুস্থ হলে ১০টার দিকে আবারও সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে।