সালাউদ্দিন শাকিলের বোলিং তোপে দাপুটে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানরা।
বৃহস্পতিবার বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১০৪ রান করে পারটেক্স। জবাবে ১৬ বল হাতে রেখে ৪ উইকেটে ১০৫ রান করে জয় তুলে নেয় শেখ জামাল।
পারটেক্স বেশি দূর এগোতে পারেনি শাকিলের বোলিং তোপে পড়ে। দলের হয়ে সর্বোচ্চ ২০ রান আসে ওপেনার আব্বাস মূসার ব্যাট থেকে। ইশারুল ইসলামের ১৯ ও উইকেটরক্ষক ধীমান ঘোষের ১৯ রানের সুবাদে শত পেরোনো স্কোর পায় পারটেক্স।
শেখ জামালের হয়ে শাকিল ৩.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৫ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন এই পেসার। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন ইলিয়াস সানি।
১০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিদায় নেন শেখ জামালের ওপেনার সৈকত আলী (৪)। এরপর দলের হাল ধরতে চেষ্টা করেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল (১৭) ও নাসির হোসেন (২২)। তাদের বিদায়ের পর উইকেটরক্ষক-অধিনায়ক নুরুল হাসানের ৩২ বলে ৩০ ও সানির ২৪ বলে ২৭ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় শেখ জামাল।