রোমাঞ্চকর ম্যাচে রুবেলের শেষ ওভারে ২৭ রান নিয়েও হারল দোলেশ্বর

জয়ের জন্য শেষ ওভারে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের দরকার ছিল ৩১ রান। ব্যাটিংয়ে লোয়ার অর্ডার-ব্যাটসম্যান কামরুল ইসলাম। যার কাজ মূলত বোলিংয়ে সাহায্য করা। সেই কাজটিও তিনি করেছেন। ৪ ওভারে ২২ রান দিয়ে দলের হয়ে সর্বোচ্চ ২ উইকেটও নেন এই পেসার।

সেই সঙ্গে দলের প্রয়োজনে ব্যাট হাতেও জ্বলে উঠলেন কামরুল। ইনিংসের শেষ ওভার করতে আসা অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের চারটি বল আছড়ে ফেললেন বাউন্ডারির বাইরে। শেষ বলে চার হাঁকাতে পারলেই দোলেশ্বরকে জেতাতে পারতেন কামরুল। তবে তিনি নিতে পারলেন এক রান। অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রোমাঞ্চকর ম্যাচটিতে ৩ রানের স্বস্তির জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

রুবেলের শেষ ওভারটি ছিল এমন: ৬, ২, ৬, ৬, ৬ ও ১। কামরুল ১২ বলে ২ চার ও ৪ ছয়ে অপরাজিত হিসেবে মাঠ ছাড়েন ৩৮ রানে। তার এমন বিধ্বংসী ইনিংস অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন এনামুল হক জুনিয়র (০*)।

এর আগে টসে জিতে ৭ উইকেটে ১৫৭ রান করে প্রাইম ব্যাংক। দলের হয়ে ৫০ বলে ৫ চার ও ১ ছয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন মোহাম্মদ মিঠুন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এ ছাড়া অধিনায়ক-উইকেটরক্ষক এনামুল হক বিজয় ১৮ বলে ২৯ এবং অলক কাপালি ১৪ বলে করেন ২৬ রান করেন। ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৮ রান।

১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দোলেশ্বর। সাইফ হাসান (১৩), মার্শাল আইয়ুব (২২), ফজলে মাহমুদ (২১), শরিফুল্লাহ (১৯) ও অধিনায়ক ফরহাদ রেজা (১৩) বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তবে শেষদিকে দোলেশ্বরে জয়ের আশা জাগিয়ে তোলেন কামরুল। তবে তা আর সম্ভব হয়নি। ৯ উইকেটে ১৪৮ রানে থামে দোলেশ্বর।

প্রাইম ব্যাংকের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন রুবেল ও শরিফুল ইসলাম।