করোনা সংক্রমণ প্রতিরোধে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়েছে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এর আগে গত ৪ জুন জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে গত ৫ জুন থেকে জেলায় সাতদিনের লকডাউন শুরু হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জেলায় করোনা সংক্রমণ বাড়ছে। ফলে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়ানো হয়েছে। আগামী ১৮ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
তিনি আরও বলেন, পৌরসভা ও সদর উপজেলায় সকল ধরনের গণপরিবহন ও সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। লকডাউনকৃত এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচা বাজার খোলা থাকবে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রশাসন সূত্রে জানা গেছে, শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। তবে হোটেলে বসে খাবার খাওয়া যাবে না। জরুরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন এবং যানবাহনের পরিসেবা চালু থাকবে।