মিরাজ-ফরহাদের ব্যাটে ব্রাদার্সকে হারাল খেলাঘর

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্রাদার্স ইউনিয়নকে বৃষ্টি আইনে ৫ রানে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ব্রাদার্সের পক্ষে অধিনায়ক মিজানুর রহমান ফিফটি করলেও বৃথা গেছে তার ইনিংস। খেলাঘরের জয়ে বড় ভূমিকা রেখেছে মেহেদী হাসান মিরাজের অপরাজিত ৪০ ও ফরহাদ হোসেনের অপরাজিত ৩৬ রান।

বৃহস্পতিবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ব্রাদার্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করে ব্রাদার্স। ৬১ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন মিজানুর । দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন রাহাতুল ফেরদৌস।

খেলাঘরের খালেদ আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

সহজ লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই দুই ওপেনারকে হারায় খেলাঘর। তবে তিন নম্বরে নামা মিরাজ, অধিনায়ক জহুরুল ইসলাম ও ফরহাদ হোসেনের ব্যাট চড়ে ১৬.২ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান তুলে খেলাঘর। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। পরবর্তীতে আর খেলা শুরু না হলে বৃষ্টি আইনে ৫ রানে জয় পায় খেলাঘর।

জিততে হলে বৃষ্টি আইনে ১৬.২ ওভারে ১০৫ রান করতে হতো খেলাঘরের। সেখানে ১০৯ রান করে তারা।

মিরাজ অপরাজিত ৪০, জহুরুল ২৬ ও ফরহাদ অপরাজিত ২৯ বলে ৩৬ রান করেন। ম্যাচ সেরা হন ব্রাদার্সের মিজানুর।

৬ খেলায় ৩টি করে জয় ও হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে খেলাঘর। সমান সংখ্যক ম্যাচে ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ব্রাদার্স।