রাশিয়ার সরকারবিরোধী রাজনীতিক অ্যালেক্সাই নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। গত বুধবার নাভালনিকে উগ্রপন্থি হিসেবে আখ্যায়িত করে এ রায় দেয় মস্কো সিটি কোর্ট।
বিবিসির এক খবরে বলা হয়েছে, অ্যালেক্সাই নাভালনিকে উগ্রপন্থি আখ্যা দেওয়ার পাশাপাশি বুধবার মস্কোর ওই আদালত নাভালনির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনকেও ‘উগ্রবাদী’ হিসেবে শ্রেণিবদ্ধ করে।
বিবিসি বলছে, আদালতের আদেশের পর দেশটির সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তার নেটওয়ার্কের আঞ্চলিক অফিস ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
আদেশের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের এক মুখপাত্র আদালতের বাইরে বলেন, নাভালনির সংগঠনগুলো যে তথ্য প্রচার করে, তা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতায় উসকানি দেয় বলে দেখা গেছে। শুধু তা-ই নয়, তারা উগ্রবাদী কর্মকাণ্ডও পরিচালনা করে।
আদালতের এ আদেশের ফলে নাভালনির রাজনৈতিক সংগঠনের হয়ে কর্মীরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখলে সাজা হিসেবে কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। কেউ যদি প্রকাশ্যে নাভালনির রাজনৈতিক নেটওয়ার্ককে সমর্থন করেন, তাহলে তিনি দেশটির নির্বাচনে নিষিদ্ধ হতে পারেন।
আদালতের আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন নাভালনি। তিনি পিছু হটবেন না বলে অঙ্গীকার করেছেন। তবে তিনি বলেছেন, তার সমর্থকদের এখন তাদের কাজের ধরন পরিবর্তন করতে হবে।
এদিকে নাভালনির আইনজীবীরা জানিয়েছেন, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একজন সুপরিচিত বিরোধী নেতা। তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। নাভালনি বর্তমানে রাশিয়ায় কারাগারে আছেন।
নাভালনিকে গত বছরের আগস্টে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন।