লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৪ জুন থেকে এ নিয়োগ ও পদোন্নতি কার্যকর হবে। পরবর্তী তিন বছরের জন্য এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন এস এম শফিউদ্দিন। ২০১৮ সালের ২৫ জুন থেকে সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন আজিজ আহমেদ।
এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ লংকোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসির দায়িত্ব থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করে সেনাসদরে নিয়ে আসা হয়েছিল। তার আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন শফিউদ্দিন আহমেদ। তখনই তাকে অ্যার্টডকের দায়িত্ব দেওয়া হয়।
কর্মজীবনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষী মিশনে ডেপুটি ফোর্স কমান্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শফিউদ্দিন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর করার পর এমআইএসটিতে এমবিএ এবং ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজে এমফিল করেন। বর্তমানে তিনি বিইউপিতে পিএইচডি করছেন। এই সেনা কর্মকর্তা ব্যক্তিগত জীবনে দুই কন্যাসন্তানের পিতা।