ফরাসি ওপেন: ফাইনালে পাভলিউচেনকোভা ও ক্রেইচিকোভা

ফরাসি ওপেনে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা ও চেক রিপাবলিকের বারবোরা ক্রেইচিকোভা। শনিবার শিরোপা লড়াইয়ে নামবেন তারা।

বৃহস্পতিবার রোলাঁ গাঁরোয় সেমিফাইনালে স্লোভেনিয়ার তামারা জিদানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারান ২৯ বছর বয়সী পাভলিউচেনকোভা।

আরেক সেমিফাইনালে দুর্দান্ত লড়াই উপহার দেন গ্রিসের মারিয়া সাকারি ও ক্রেইচিকোভা। তিন ঘণ্টা স্থায়ী রোমাঞ্চকর ম্যাচে ৭-৫, ৪-৬, ৯-৭ গেমে জেতেন ২৫ বছর বয়সী ক্রেইচিকোভা।

চার জনই প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন। স্বাভাবিকভাবে তাই প্রথমবার ফাইনালে খেলবেন পাভলিউচেনকোভা ও ক্রেইচিকোভা। অর্থাৎ ফরাসি ওপেন পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন।