চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে অনুমোদনহীন হিমায়িত মহিষের মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আলী আব্বাস নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার শিকলবাহা মইজ্জ্যারটেক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও শাহিনা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে আমদানি করা ২০ প্যাকেট হিমায়িত মহিষের মাংস জব্দ করা হয়। এসব মাংস বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করে দোকানে গরুর মাংস বলে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। তাছাড়া এসব মাংস ফ্রিজিং চেইনে রাখার বিধান থাকলেও ঢাকা থেকে আনা হয় নন-ফ্রিজিং গাড়িতে করে। ফলে এসব মাংসের গুণগত মান নষ্ট হয়ে যায়। যা জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতিকর। জব্দকৃত মাংসগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।