করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব এখনো মুক্তির দিশা পায়নি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে টিকাকরণ শুরু হলেও কবে নাগাদ কথিত হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব হবে তারও কোনো নিশ্চয়তা নেই। বিশ্বের এক অঞ্চলে সংক্রমণ-মৃত্যু কিছুটা কমলেও আরেক অঞ্চলে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। গত বছরের শুরুর দিকে এক সময় ইউরোপে আতঙ্ক ধরানো ভাইরাসটি ভয়ংকর হয়ে ওঠে আমেরিকায়ও। এরপর বছর ঘুরতে না ঘুরতেই ওইসব অঞ্চলে কিছুটা দম ধরলেও এশিয়া ও আফ্রিকায় যেন নতুন উদ্যমে ছড়াতে শুরু করে ভাইরাসটি। বিশেষ করে এশিয়ার রোগী শনাক্ত ও আক্রান্তদের মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে হু হু করে। চলতি বছরের মার্চ থেকে এশিয়ায় ভয়াল চেহারা দেখানো করোনা মহামারী জুনে এসে কিছুটা কম গতির হলেও এখনো বিশ্বের অন্যান্য অঞ্চলের চাইতে এগিয়েই আছে। এশিয়ার মতো খারাপ অবস্থা দক্ষিণ আমেরিকা মহাদেশেও।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, সর্বশেষ সপ্তাহে বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২৬ লাখ ৯৫ হাজার ৩৫২ জন। এর মধ্যে এশিয়ায় শনাক্ত হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৮১৪ জন, যা সারা বিশ্বের শনাক্তের ৪৪ দশমিক ১০ শতাংশ। এরপর বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আমেরিকায় ৯ লাখ ৩১ হাজার ৪৯৭ জন, যা সারা বিশ্বের ৩৪ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সময়ে ইউরোপে শনাক্ত হয়েছে ২ লাখ ৯০ হাজার ৭৮৪ জন, যা বিশ্বে শনাক্তের ১০ দশমিক ৭৮ শতাংশ। গত এক সপ্তাহে উত্তর আমেরিকায় শনাক্ত হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২২৩ জন, যা গত সপ্তাহে বিশ্বে শনাক্ত হওয়া রোগীর ৬ দশমিক ৫৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে আফ্রিকায় শনাক্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৯ জন করোনা রোগী, যা বিশ্বের ৩ দশমিক ৯৭ শতাংশ। ওশেনিয়ার শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৬১ জন, যা আলোচ্য সপ্তাহে বিশ্বের মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে এশিয়ায়। এই সময়ে বিশ্বে যেখানে ৭০ হাজার ৮৯১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে সেখানে এশিয়ায় মারা গেছে ৩১ হাজার ২৮৮ বা বিশ্বে মোট মৃত্যুর ৪৪ দশমিক ১৩ শতাংশ। দক্ষিণ আমেরিকায় মারা গেছে ২৫ হাজার ৫৭৩ জন, যা গত সপ্তাহে বিশ্বে মারা যাওয়া মানুষের ৩৬ শতাংশের বেশি। এই সময়ে ইউরোপে মারা গেছে ৬ হাজার ৮৯৪ জন, যা বিশ্বের ৯ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে উত্তর আমেরিকায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৫২ জনের। শতকরা হিসাবে এই সংখ্যা বিশ্বে মোট মারা যাওয়া মানুষের ৬ দশমিক ৯৮ শতাংশ। এই সময়ে আফ্রিকা মহাদেশে মারা গেছে ২ হাজার ১৮২ জন, যা বিশ্বের ৩ শতাংশের মতো। ওশেনিয়ায় আলোচ্য সপ্তাহে মাত্র দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিশ্বে শনাক্ত হওয়া মোট করোনা রোগীর সংখ্যা ছিল ১৭ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার ৮৫৫ জন। মৃত্যুর সংখ্যা ছিল ৩৭ লাখ ৯০ হাজার ৪৪৮ জন। আর আরোগ্যের সংখ্যা ছিল ১৫ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৭৮২ জন।