বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেতে আজ থেকে আবেদন নেওয়া শুরু হবে, যা আগামী ১৭ জুন পর্যন্ত চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আইপিওতে বারাকা পতেঙ্গার প্রতিটি শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে ২৯ টাকা। এর আগে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিলামে গত ২৫ ফেব্রুয়ারি বারাকা পতেঙ্গার কাট-অফ প্রাইস ৩২ টাকা নির্ধারণ করা হয়, যেখান থেকে ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার দেওয়া হবে।
গত ৫ জানুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটিকে নিলামের অনুমোদন দেয়। বারাকা পতেঙ্গা পাওয়ার আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে, যা দিয়ে সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করা হবে।
২০১৯-২০ হিসাব বছরে সমন্বিতভাবে বারাকা পতেঙ্গার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।