সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী দু-একদিন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
গতকাল শনিবার আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তৃত হওয়ায় অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। এর সঙ্গে গত শুক্রবার সকালের পর লঘুচাপ যোগ হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। চট্টগ্রাম, কুষ্টিয়াসহ উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। হয়তো একটানা বৃষ্টি হবে না। তবে থেমে থেমে বৃষ্টি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনার কুমারখালীতে সবচেয়ে বেশি ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয় ৩০ মিলিমিটার। আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।